- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিলেটে ভারতীয় টমেটোসহ মিনি পিকআপ আটক, গ্রেফতার ২

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা মূল্যের ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটোসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে রেজিস্ট্রেশনবিহীন একটি মিনি পিকআপসহ দুজনকে আটক করা হয়। পরে পিকআপটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট থানার বালেশ্বর খাগড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. শায়েখ (২০) এবং জৈন্তাপুর থানার কালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলাল (৪৫)।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ২২ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ৩১ দায়ের করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি রুজু করা হয়। গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন