সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদান রাখায় সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউপিইটিসি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর।

বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি‌ বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের স্বাক্ষর করা ফলাফলে এ তথ্য জানা গেছে। ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে‌ তাকে এই গৌরবময় মর্যাদায় ভূষিত করা হয়।

জানা গেছে, মোহাম্মদ নজরুল ইসলাম ২০১২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে মন্ত্রণালয় থেকে তাঁকে শ্রীলঙ্কা পাঠানো হয়।‌ ২০১৮ সালে‌ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফুল স্কলারশিপের আওতায় যুক্তরাজ‍্যের ইউনিভার্সিটি অব দি ওয়েস্ট অব স্কটল‍্যান্ড থেকে এমএসসি ইন এডুকেশন কোর্স সম্পন্ন করেন।‌ তাঁর গবেষণার বিষয় ছিল বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষায় প্লে-বেইজড লার্নিং এর ব‍্যবহার। তিনি ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইটালী, জার্মানি, নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক সফর করেছেন। এছাড়াও মধ‍্যপ্রাচ‍্যের সৌদি আরব, দুবাই, কাতার, জর্ডান ও ভারত সফর করেছেন।

তাঁর এই অসাধারণ অর্জনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে দক্ষ নেতৃত্ব এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

সিলেট বিভাগের শিক্ষানুরাগী ব‍্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে শুভানুধ্যায়ীরা বলেন, মোহাম্মদ নজরুল ইসলামের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমগ্র দেশের শিক্ষা পরিবারের জন্য গর্বের বিষয়। তাঁর নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমাদের সব অর্জন শিশুদের উদ্দেশ্যে নিবেদিত। তাদের মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে জীবনে দক্ষতার উন্নয়ন ঘটানোই আমাদের সব প্রচেষ্টার মূল লক্ষ‍্য।

সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হওয়ায় মোহাম্মদ নজরুল ইসলামকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা । সবাই আশাবাদী, তিনি জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের শিক্ষা অঙ্গনে আরও উজ্জ্বল ভূমিকা পালন করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন