প্রধানমন্ত্রী ও তারেক রহমানের প্রতি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কৃতজ্ঞতা
সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়নে ২৫০৬ কোটি টাকা অনুমোদন

সিলেট-চারখাই-শেওলা মহাসড়ককে ৪ ও ৬ লেনে উন্নীতকরণের জন্য সরকার ২ হাজার ৫০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর যে প্রত্যাশা ছিল, অবশেষে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে এমপি এমরান আহমদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই মহাসড়ক উন্নয়ন প্রকল্প শুধু একটি সড়ক নির্মাণ নয়, এটি সিলেট অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের নতুন দুয়ার খুলে দেবে।”

তিনি আরও বলেন, মহাসড়কটি ৪ ও ৬ লেনে উন্নীত হলে যানজট অনেকাংশে কমে যাবে, যাতায়াত হবে আরও নিরাপদ ও দ্রুত। ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ খাতে নতুন গতি সৃষ্টি হবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সিলেটের যোগাযোগ আরও সহজ ও আধুনিক হবে।

স্থানীয় বাসিন্দারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়ে বাস্তবায়িত হবে এবং অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন