সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মারা গেছে। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত দুই বছর বয়সি জেসি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা সুভাজ আলীর মেয়ে।
হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সিলেটে এখন পর্যন্ত মারা যাওয়া ১৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ১২৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯১৪ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়ার কথা স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।
