সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ

সাংবাদিকদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী পেশাজীবন গঠন, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা, পেশাগত ঐক্য, সংহতি, দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার মহৎ প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট ইউনাইটেড সাংবাদিক এসোসিয়েশন (Sylhet United Journalist Association-SUJA)।

সোমবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সভা এক মিলনমেলায় পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক প্রভাতবেলা-এর সম্পাদক কবীর আহমদ সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সিলেট বাণী-এর চিফ রিপোর্টার কাওছার আহমদ।

বক্তারা বলেন, গণমাধ্যম আজ বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। প্রযুক্তির দ্রুত বিকাশ, পেশাগত প্রতিযোগিতা, তথ্যপ্রবাহের পরিবর্তিত বাস্তবতা এবং সাংবাদিকদের নানামুখী সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। এ বাস্তবতায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত মর্যাদা, দক্ষতা উন্নয়ন, মানবিক মূল্যবোধ, নৈতিক সাংবাদিকতা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে একটি কার্যকর ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সিলেট ইউনাইটেড সাংবাদিক এসোসিয়েশন (SUJA)।

তারা আরও বলেন, সংগঠনটি কোনো বিভাজনের নয়; বরং সকল সাংবাদিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিক সমাজ গড়ে তোলাই হবে এর প্রধান লক্ষ্য। পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, মতবিনিময় সভা, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো চিফ ফয়সাল আমিন, দৈনিক সংগ্রাম-এর ব্যুরো চিফ কবির আহমদ, দৈনিক নয়া দিগন্ত-এর সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্য নিউ ন্যাশন-এর ব্যুরো চিফ শফিক আহমদ শফি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সিলেট ব্যুরো প্রধান আহমদ মারুফ, দৈনিক বাংলা বাজার-এর সিলেট ব্যুরো প্রধান জুলফিকার তাজুল, দৈনিক ভোরের ডাক-এর সিলেট প্রতিনিধি আবদুল হান্নান, দৈনিক প্রভাতবেলা-এর প্রধান আলোকচিত্রী নাজমুল কবীর পাভেল, দৈনিক জালালাবাদ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক কাজির বাজার-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক সবুজ সিলেট-এর স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, দৈনিক শুভ প্রতিদিন-এর আলোকচিত্রী মো. করিম মিয়া, দৈনিক সংগ্রাম-এর আলোকচিত্রী ফয়সল আহমদ, টাইমস সিলেট ডটকম-এর সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্ত-এর ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ এবং সাংবাদিক আতাউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক প্রভাতবেলা-এর সম্পাদক কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো চিফ ফয়সাল আমিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কাওছার আহমদ, মুনশী ইকবাল, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, কবির আহমদ, এমজেএইচ জামিল এবং সাহেদ আহমদ।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, অচিরেই সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য সংগ্রহ, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়ন, নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা, মানবিক সহায়তা, সামাজিক দায়বদ্ধতা এবং সাংবাদিক কল্যাণে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভা শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, সিলেট ইউনাইটেড সাংবাদিক এসোসিয়েশন (SUJA) সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক আস্থা, পেশাগত মর্যাদা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সিলেটের গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক, সৃজনশীল ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন