সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ হচ্ছে—এমন খবরে গত কয়েকদিন ধরে সিলেটসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রবাসী সিলেটিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা, কোথাও কোথাও হয় প্রতিবাদ-বিক্ষোভও। তবে অবশেষে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, ফ্লাইটটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি; পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট এ অঞ্চলের প্রবাসীদের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ একটি রুট। এটি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। হজযাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসেবে এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রী হিসেবে সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। “সিলেটের মহাসড়ক, রেল ও বিমান সংযোগের সমস্যাগুলো সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাগেজ জটিলতা ও অপ্রয়োজনীয় ভোগান্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে,”—বলেন তিনি।
এর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ অনেকে।