সিলেট রেঞ্জের নতুন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। ৩ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট রেঞ্জের দায়িত্ব নেন।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পরে ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ এবং ভারতের হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয় থেকে মানবিক আইন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখা, হাইওয়ে পুলিশ, র্যাবসহ খাগড়াছড়ি ও ঢাকা জেলা পুলিশে দায়িত্ব পালন করেন।
এছাড়া পুলিশ স্টাফ কলেজে সদস্য পরিচালন কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ ও পাঠ্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিশেষ শাখা, ঢাকার ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘের আইভরি কোস্ট ও দারফুর, সুদান মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মানবসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যয়ন, সংকট ব্যবস্থাপনা ও আধুনিক পুলিশিং তাঁর পেশাগত আগ্রহের উল্লেখযোগ্য ক্ষেত্র। অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে সিলেট রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
