সিলেট সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
অভিযানে সহায়তা করেছে বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২৩ নভেম্বর) ৪৮ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ বিশেষ অভিযান চালানো হয়। এসআরবির প্রযুক্তিগত সহায়তায় একটি সন্দেহভাজন অবস্থান শনাক্তের পর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় অভিযান চালানো হয়।
পরে কে-৯ ইউনিটের সহায়তায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল স্কার্ফ সিরাপ জব্দ করা হয়।
৪৮ বিজিবি জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়নের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরক ও অন্যান্য মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
