সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক (১) অনুযায়ী করপোরেশনের নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এ বিষয়ে আজ বেলা সোয়া ১১টার দিকে আবদুল কাইয়ুম চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, ‘আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররাজনীতির সময় থেকেই সিলেটের মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম। এই নগরের উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যেন যথাযথ সেবা পান, সেটা নিশ্চিত করাই হবে আমার কাজ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন