সুনামগঞ্জে দুর্গাপূজায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকাসহ ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা সহ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।
তিনি বলেন ,স্থানীয় প্রশাসন,পূজামণ্ডপ কমিটি ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের কাইতকোনো পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
বিজিবি অধিনায়ক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২২টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ২০টিসহ ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির এই প্লাটুনসমূহ ১৬ অক্টোবর হতে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও সীমান্তে দুর্গম এলাকার সার্বিক নিরাপত্তা তদারকির সুবিধার্থে ১টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিয়মিত সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা,সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে,জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর।
এসময় ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মিয়া, মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
