- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সিসিকের সাবেক প্রশাসকসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে তদন্তের নির্দেশ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবীসহ সিটি কর্পোরেশনের ৭ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ভূমির ওপর নির্মিত দোকান উচ্ছেদ না করে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালত।

দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ১৩(৩) এর বিধান অনুসারে দন্ডবিধির ১৬৬/১৬৭/৪০৯/৪২০/১২০ বি/১০৯/৫০৬/৫১১ ধারায় মোট ৯ জনকে আসামী করে মামলাটি করেন দক্ষিণ সুরমার নিয়ামতপুর গ্রামের মৃত সৈয়দ মগফুর আলীর ছেলে সৈয়দ হোসাইন আহমদ।

মামলার বাদী অভিযোগ করেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের অন্তর্গত গোয়ালগাও মৌজার ১১৮৫ নং দাগে সরকারি রাস্তা রকম ভূমির পশ্চিমদিকে ১৩ ফুট অংশের ওপর তেলিরাই গ্রামের সোলেমানের ছেলে মনা ও আহাদ কতৃক অবৈধভাবে নির্মিত দোকান অপসারণ না করে আসামীরা অবৈধ যোগাযোগীমূলে রাস্তার পূর্বদিকে মামলার ১ নং সাক্ষী সৈয়দ ইকবাল আলীর ব্যক্তি মালিকানাধীন ভূমি দখল করে ড্রেন নির্মাণ করেন। এতে করে বাদী ও অন্যান্য স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বিষয়টি একাধিকবার লিখিত আকারে সিটি কর্পোরেশনকে জানানো হলেও সিটি কর্পোরেশন কতৃপক্ষ অবৈধ দোকান উচ্ছেদ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ড্রেন নির্মাণ করেন।

বাদী তার মামলায় অভিযোগ করেন, মামলার ৯নং আসামী সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব তাহাকে হুমকি দিয়ে বলেন,’ এখানে যেভাবে কাজ চলতেছে সেভাবেই কাজ হবে কোন দোকান ভাঙ্গা হবে না,এই বিষয় নিয়ে যদি ভবিষ্যতে আর কোন কথা বলি তাহলে যেটুকু জায়গার উপর ড্রেন নির্মাণ করা হইয়াছে তার চেয়ে অধিক জায়গা দখল করে ড্রেন নির্মাণ করা হবে এবং বেশি বুঝলে নিরুদ্দেশ করে ফেলব’।

মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য উপপরিচালক দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ( সজেকা) সিলেট বরাবরে প্রেরণের আদেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল জজ সিলেট মহানগর মুনসী আব্দুল মজিদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন