সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সম্প্রতি অনুষ্ঠিত ইসকন সিলেট মন্দিরের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব সফলভাবে সম্পন্ন করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা ও আন্তরিক সময় দেওয়ায় প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
পূজ্যপাদ মহারাজ বলেন, রথযাত্রা মহোৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সিসিক প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রশাসক ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে রথযাত্রার বিষয়ে সহযোগিতা করায় তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আগামী ২৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীশ্রী রাধা-মাধবের ঝুলনযাত্রা মহোৎসবের বিষয়ে আলোচনা হয়। পরে শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সিসিক প্রশাসককে ঝুলনযাত্রা মহোৎসবে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানান এবং অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে ইসকন সিলেট ও সিসিক প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী এবং ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস অধিকারী।
