স্নাতক ভর্তি যুদ্ধে নামছে ৮ হাজার শিক্ষার্থী: প্রস্তুত এমসি কলেজ

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর কলেজের মোট ২ হাজার ১৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী, যার ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে চারজন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‎‎আবেদনকারীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪ হাজার ৬৪১ জন, মানবিক বিভাগ থেকে ৩ হাজার ৩৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৬১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
‎‎
‎পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কলেজ ক্যাম্পাসসহ মোট চারটি কেন্দ্রের ১৮২টি কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‎​ভর্তি কমিটির ঘোষণা অনুযায়ী, পরীক্ষার্থীদের আসনবিন্যাসও প্রকাশ করা হয়েছে। এমসি কলেজ কেন্দ্রে বিজ্ঞান বিভাগের (রোল: ২১৩৭০০১-২১৩৭৯১১), মানবিকের (রোল: ৪২১৬১৫৩-৪২১৯৫৪৮) এবং ব্যবসায় শিক্ষা বিভাগের (রোল: ৬০৮৫৩২২-৬০৮৫৬৭২) শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া শিবগঞ্জের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে (রোল: ২১৩৩২৭১-২১৩৪৭৩০), মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (রোল: ২১৩৪৭৩১-২১৩৬১৭০) এবং মেজরটিলা এলাকার আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (রোল: ২১৩৬১৭১-২১৩৭০০০) পরীক্ষার্থীদের আসন বরাদ্দ করা হয়েছে।

‎‎​ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী জানান, সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন জানিয়েছেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে এবং পরীক্ষার সকল তথ্য ও আসনবিন্যাস কলেজের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

‎‎‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন