লিডিং ইউনিভার্সিটির সৈয়দ আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় এ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড.সৈয়দ রাগীব আলী।
লিডিং ইউনিভার্সিটির সৈয়দ আব্দুল হাই ভবনের নির্মাণ লিডিং ইউনিভার্সিটির অগ্রগতির বহিঃপ্রকাশ ও ভৌত অবকাঠামো উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে এসময় দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ গড়ে তুলতে লিডিং ইউনিভার্সিটির চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, তৃতীয় ভবন নির্মাণ এর ফলে শিক্ষার্থীদের জন্য আরো আধুনিক শিক্ষা-সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও আরও গতিশীল হবে। তিনি উল্লেখ করেন, নতুন এ ভবন নির্মাণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা অর্জন এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার দীর্যমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এর উপস্থিতিতে এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন জানান, লিডিং ইউনিভার্সিটির একাডেমিক এবং প্রশাসনিক অবকাঠামো সম্প্রসারণে তৃতীয় ভবন নির্মাণ একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি এ ভবন নির্মাণের মাধ্যমে উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর উচ্চ শিক্ষা প্রসার, দক্ষ মানব সম্পদ তৈরি এবং দেশ ও সমাজের উন্নয়নে অংশীদারিত্বকে প্রমান করে।
তৃতীয় ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন।
