বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌরসভা শাখার উদ্যোগে মাহে রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল রোববার (৮ মার্চ) পৌরসভাস্থ স্বপ্নচূড়া হোটেলে শাখা সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়বে আমীর ও সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিশেষ অতিথি সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আকমল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আমীন ও হাফিজ মাওলানা মাহফুজুর রহমান শামরান, পৌর সহ সভাপতি মাওলানা ওলিউর রহমান ওলি, জমিয়তে উলামায়ে ইসলাম পৌর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমজান মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল ও মুসমলমানদের প্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআনকে সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে সংগঠনের মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
