উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
সরকারি খরচে আইনি সহায়তা খুবই প্রশংসনীয় সিদ্ধান্ত

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের প্রসারে “আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ‍্যাদেশ ২০২৫ ও আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ‍্যস্থতা) বিধিমালা ২০২৫” বিষয়ক সেমিনার মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ছিলেন। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুলহাস উদ্দিন। প্রানবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠিত সেমিনারে আইনগত সহায়তা বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরন ও আইনের প্রয়োগিক বিষয়ে বিশদ দিকনির্দেশনা প্রদান করেন উক্ত সেমিনারের মুখ্য আলোচক।

বর্তমান সরকার সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই প্রশংসনীয় উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ অনেক সময় জানেন না কিভাবে আইনি সহায়তা পেতে হয়। সে লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এ সেমিনার খুবই তাৎপর্যপূর্ণ। আইন বিষয়ক এ সেমিনারে এসে শিক্ষক শিক্ষার্থীদেরকে আইন বিষয়ক বিভিন্ন সহায়তার বিধিমালা তুলে ধরার জন‍্য তিনি সিলেটের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুলহাস উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ‍্যাপক আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

আইন বিভাগের সহকারি অধ‍্যাপক মো. রেজাউল করিমের সঞ্চালনায় সেমিনারে আইন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন