- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সরকার অসহায় রোগীদের অনুদান দিগুণ করেছে: এমপি এমরান

বিয়ানীবাজারে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর এককালীন উপহার হিসেবে ১ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন-বিগত সরকার জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দিতো, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কষ্টের কথা বিবেচনা করে সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করেছেন। বর্তমান সরকার সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল আম্বিয়া আলাউলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার পৌরসভার উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে ৬টি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, মহানগর যুবদল নেতা জাহিদ হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন