সৌদিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– নুরে আলম ও ইউনুস মিয়া।

নিহত নুরে আলম (৪২) নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে। নিহত ইউনুস মিয়া (৪৮) চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ার গ্রামের সাবির আলীর বড় ছেলে। গত শনিবার পরিবারের কাছে তাদের মৃত্যুর খবর আসে।

জানা গেছে, নুরে আলম ও ইউনুস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথ ব্যবসা পরিচালনা করতেন। গত শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালপত্র নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চালকসহ আহত হয় আরও দুজন। এবারের কোরবানির ঈদে নুরে আলম ও ইউনুসের দেশে আসার কথা ছিল। তারা দুজনই বন্ধু ছিলেন। এই ঘটনায় উভয় পরিবারে চলছে আহাজারি।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুরে আলমের ভাগনে মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তাঁর মামা নুর আলম ও তাঁর বন্ধু ইউনুস মিয়া এবং একজন সৌদি নাগরিক মারা গেছেন। গাড়ি চালকের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘আমাদের পরিবারের ছয়জনের ভরণপোষণ চলত স্বামীর উপার্জনে। স্বামীকে হারিয়ে আমরা এখন দিশেহারা। কীভাবে চলবে সংসার তা ভাবতে পারছি না। আমার স্বামীর লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।’

একই দুর্ঘটনায় নিহত ইউনুস মিয়ার চার মাসের ছেলে সন্তানকে এক নজর দেখতে কোরবানির ঈদে দেশে আসার কথা ছিল। তাঁর প্রবাস জীবনের ২৪ বছরে এবারই প্রথম কোরবানির ঈদ স্বজনের সঙ্গে করার কথা ছিল। এই উপলক্ষে কেনাকাটা ও বিমানেরও টিকিট কেটে রেখেছিলেন তিনি।

তাঁর ছোট ভাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ জানান, তাঁর বড় ভাই তাদের পরিবারের অভিভাবক ছিলেন। তাঁর স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। প্রবাসে যাওয়ার পর তিনি একাধিকবার দেশে এলেও কখনও পরিবারের সঙ্গে কোরবানির ঈদ করতে পারেননি। এবারই প্রথম তিনি কোরবানির ঈদ করতে ২৭ মে দেশে আসার জন্য বিমানের টিকিটও কেটে রেখেছিলেন। তাঁর ছোট ছেলের বয়স মাত্র চার মাস, তাকেও তিনি প্রথমবারের মতো দেখার জন্য উদ্বিগ্ন ছিলেন। দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি প্রক্রিয়ায় লাশ দেশে আনার জন্য জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন