সুদানের ব্লু নাইল রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজ্যটির বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সুদানের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ব্লু নাইল রাজ্যের রাজধানী দামাজিন শহর এবং পাশের রোজেইরেস এলাকায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় আরএসএফ। দামাজিনের একটি আবাসিক এলাকায় হামলায় তিনটি পরিবারের সদস্যরা নিহত হন।
মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল দামাজিনের বিদ্যুৎ স্থাপনা এবং রোজেইরেসের একটি বড় বেড়ি বাঁধ। হামলায় নিহতদের মধ্যে ছয় নারী রয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি।
২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল রাজ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটি সংঘাতপ্রবণ কয়েকটি অঞ্চলের কাছাকাছি এবং এখানে সেনাবাহিনীর অভিজ্ঞ যোদ্ধাদের অবস্থান রয়েছে।
আল জাজিরার সাংবাদিক আলমিগদাদ আলরুহাইদ বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে ড্রোন হামলার ঘটনা দ্রুত বেড়েছে। গত ২২ নভেম্বর খার্তুম ও ওমদুরমান এলাকায় ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হন। ওই হামলায় জাতিসংঘের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সুদানে অন্তত ১ হাজার ৩৯০ বেসামরিক মানুষ নিহত হন। তাদের ৮০ শতাংশের মৃত্যুর জন্য ড্রোন হামলাকে দায়ী করা হয়েছে। পরবর্তী চার মাসে আরও ৮৪০ জন নিহত হন, যাদের মধ্যে প্রায় ৫২০ জনের মৃত্যু হয় ড্রোন হামলায়।
২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরু হয়। একদিকে সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন আবদেল ফাত্তাহ আল-বুরহান, অন্যদিকে আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদতি নামে পরিচিত।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন বছর ধরে চলা এ যুদ্ধে অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। দেশটির কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। সূত্র: আল জাজিরা
