সুনামগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, আটক ২ কিশোর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাত বছর বয়সী এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। একই দিনে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৪ জুন)। পরে শনিবার দুপুরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মারা যাওয়ার পর মা জীবিকার তাগিদে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। বর্তমানে শিশুটি নানার বাড়িতে বসবাস করছিল।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে এলাকার দুই কিশোর চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে কলাগাঁও নদীর পাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে তারা ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে এক পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে নানার বাড়িতে পাঠানো হয়। তবে রক্তক্ষরণ অব্যাহত থাকায় শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্ত দুই কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল ও সাধারণ মানুষ দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিশু ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে। তারা একই সঙ্গে শিশু সুরক্ষায় প্রশাসনের আরও কার্যকর ও কঠোর ভূমিকা প্রত্যাশা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন