সুনামগঞ্জে বিয়ের ১২ দিনের মাথায় নববধূ নিখোঁজ

সুনামগঞ্জে বিয়ের মাত্র ১২ দিনের মাথায় জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী।

জয়া দাস সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের (২৬) স্ত্রী। তার বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামে।

জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১১ দিন আগে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের সঙ্গে জয়া দাসের বিয়ে হয়। বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫নং ওয়ার্ডের জামাইপাড়ায় স্বামীর কাকার বাসায় বেড়াতে আসেন। পরে শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে কাকা শ্বশুরের বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বামী ও স্বজনরা। পরে চয়ন তালুকদার সদর থানায় একটি জিডি করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরিবারের পক্ষ থেকেও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। নিখোঁজ জয়ার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন