সুনামগঞ্জে দেড় মিনিটের বক্তব্যে ১৮ বার ‘স্যার’ ডাকলেন ইউএনও

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর এলাকার ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সংক্ষিপ্ত বক্তব্যকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। সভায় মাত্র দেড় মিনিটের বক্তব্যে প্রধান অতিথিকে ১৮ বার ‘স্যার’ বলে সম্বোধন করায় উপস্থিতদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা শুরু হয়।

জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর এলাকার ফসলরক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শন শেষে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভোরাখালী বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।

মতবিনিময় সভায় স্থানীয় পিআইসি সদস্য, কৃষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা হাওরাঞ্চলে ধান কাটার মৌসুমে সম্ভাব্য জনসমাগম এবং যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বরকত উল্লাহ বলেন, ধান কাটার সময় হাওর এলাকায় বিপুল সংখ্যক শ্রমিক ও মানুষের সমাগম ঘটে, যা অনেকটা মেলার মতো পরিস্থিতি তৈরি করে। এ সময় যোগাযোগ ও ব্যবস্থাপনায় নানা চ্যালেঞ্জ দেখা দেয়। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তব্যে তিনি বলেন, ‘এতগুলো ধান কাটা হবে, অনেক মানুষ আসবে, অনেক লেবার আসবে মেলার মতো স্যার। এ বিষয়ে যদি একটু ব্যবস্থা নেন স্যার, একটু কথা বলেন তাহলে আমরা পেয়ে যেতে পারি স্যার। এখনো সময় আছে স্যার। আমরা গাড়ি নিয়ে আসতে পারি না স্যার।’

তিনি আরও বলেন, ‘এখানে পিআইসি যারা কাজ করছে তারা কথা বলল স্যার, স্থানীয় কৃষকরা কথা বলল স্যার, সাংবাদিকরা কথা বলল স্যার। আমার মূল উদ্দেশ্য ছিল স্যার, সার্বিক বিষয়টি আপনার জানার মধ্যে থাকুক স্যার, আপনার অবগতির জন্য স্যার।’

ইউএনও বরকত উল্লাহ জানান, পিআইসি গঠনের আগে প্রতিটি ইউনিয়নে গণশুনানির মাধ্যমে প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে আবেদন গ্রহণ করা হয়েছে এবং এখন পর্যন্ত পিআইসি গঠন নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধের গুরুত্ব তুলে ধরে সময়মতো কাজ সম্পন্ন করার ওপর জোর দেন। তিনি কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন