সুনামগঞ্জ পৌর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র মধ্যবাজারের হক সুপার মার্কেটে আধুনিক পোশাক ও উন্নতমানের ফেব্রিকস সেবায় নতুন মাত্রা যোগ করেছে ‘মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস’। নতুন সাজ ও বর্ধিত পরিসরে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় হক সুপার মার্কেটে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা মো. জিয়াউল হক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শেরেনূর আলী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সামসুল হক, মাওলানা নুর হোসাইন ও হাফিজ আতাউর রহমান লস্কর।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, সুনামগঞ্জ পৌর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে মানসম্মত ও আধুনিক সুবিধাসম্পন্ন এ ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন। সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের পোশাক ও রুচিতেও পরিবর্তন এসেছে। ‘মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস’ গ্রাহকদের সেই চাহিদা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মো. রেজাউল ইসলাম বলেন, আধুনিক কাটিং, নিখুঁত সেলাই এবং দেশি-বিদেশি বিভিন্ন ধরনের স্যুটিং-শার্টিং কাপড়ের উন্নত সংগ্রহ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
