- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সুনামগঞ্জে সাড়ে ৪ হাজার গাছ কাটার ঘটনার তদন্ত কমিটি গঠন

সুনামগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজার থেকে জামালগঞ্জ উপজেলা সাচনা বাজার সড়কের ১৯ কিলোমিটার এলাকায় থাকা প্রায় সাড়ে চার হাজার গাছ কাটার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

একই সাথে সব ধরনের গাছ কাটা স্থগিত ঘোষণা করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
ররিবার দুপুরে জেলা প্রশাসক সংবাদ কর্মীদের এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর পূর্বে সুনামগঞ্জ- সাচনা বাজার সড়কে গাছ কর্তন নিয়ে সচেতন মহল,পরিবেশবিদ ও স্থানীয়রা ক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলকে আহ্বায়ক এবং সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা গাছ কাটার বিষয়টি কোন প্রক্রিয়ায় হয়েছে,কী ধরণের গাছ কাটা হয়েছে, কেন অনুমতি ছাড়া গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক জানান, ওই সড়কে গাছ কাটার বিষয়ে জেলা কমিটিতে কোন সিদ্ধান্ত হয়নি।

এদিকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সকল কর্মী সূচি স্তগিত করেছেন বলে জানিয়েছেন সংগঠন সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন

উল্লেখ্য, ২০০৪ সালে সামাজিক বনায়নের আওতায় এই সড়কে প্রায় ২০ হাজার গাছ লাগানো হয়। ছায়া বৃক্ষগুলো পরিবেশ ও মানুষের জীবন রক্ষায় জরুরি।

শনিবার ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে বৃক্ষ হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন