- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সুনামগঞ্জে ভারতীয় ফুচকা জব্দ, কাভার্ডভ্যানসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের যৌথ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল দীপক মুন্ডা ও কনস্টেবল মোশারফ হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা ফুচকা পরিবহনের সময় আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের বাড়ি ফরিদপুর সদর এলাকায়।

তাদের হেফাজত থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩৫ কেজি করে ফুচকা ছিল। একই সঙ্গে চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন