- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সুরমা চা বাগান যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলার সুরমা চা বাগানের সদর নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমৃত লাল গৌড়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি বিরেন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক সুমন গৌড়, মিন্টু কল, নেতা গৌড়, শীতল কর্মকার ও দ্বীপ গৌড় প্রমূখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সুরমা চা বাগান যুব সংঘ এলাকার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংগঠনটি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে এলাকার যুবসমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন