সুরমার ভাঙনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম নালুহাটি এলাকার নদী তীরবর্তী জনপদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে ফজরের সময় বেড়িবাঁধের একটি বড় অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে সৃষ্ট এ ভাঙনে মূল বেড়িবাঁধের প্রায় অর্ধেক অংশ নদীতে তলিয়ে গেছে। এতে নিকটবর্তী বসতবাড়ি ও মসজিদসহ আশপাশের স্থাপনা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, কয়েক দিন আগে থেকেই বেড়িবাঁধে ফাটল দেখা যাচ্ছিল। তবে গত রাতে তা ভয়াবহ আকার ধারণ করে। এখন আশপাশের বাড়িঘর নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তার মতে, শুষ্ক মৌসুমে ভাঙন দেখা দেওয়ায় কিছুটা স্বস্তির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হলে এ সময়ে ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ করা সম্ভব।
স্থানীয় বাসিন্দা বেবুল আহমদ বলেন, আটগ্রামের নদীতীরবর্তী এলাকায় অনেক মানুষের বসতবাড়ি রয়েছে। বাড়িঘরের আশপাশে বিভিন্ন ধরনের সবজির আবাদও করা হয়েছে। তিনি বলেন, ‘সবজি যাক, তবুও মানুষ রক্ষা পাক।’
এদিকে নদীভাঙনের প্রভাব পড়েছে স্থানীয় শিক্ষার্থীদের যাতায়াতেও। আটগ্রাম আমজদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী লাহিন আহমদ বাপ্পি জানায়, বছরের শেষ সময়ে সামনে তাদের পরীক্ষা।
কিন্তু নদীভাঙনের কারণে মাদরাসায় যাতায়াতে সমস্যা হচ্ছে। দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভাঙনের বিস্তৃতি আরও বাড়তে পারে। এতে নদীতীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঝুঁকিতে থাকা মসজিদসহ অন্যান্য স্থাপনাও ক্ষতির মুখে পড়তে পারে।
এমন পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
