- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় সিলেট মহানগর সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইসকন সিলেট মন্দিরের নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বলেন, “সুষ্ঠুভাবে জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে—এই প্রচেষ্টা আমাদের থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি বলেন, “ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির। আয়োজকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। শোভাযাত্রার সময় ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।”

মতবিনিময় সভায় আয়োজকেরা জানান, আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি রিকাবীবাজার, লামাবাজার হয়ে মির্জাজাঙ্গালে গিয়ে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের শোভাযাত্রার সঙ্গে যুক্ত হবে। এরপর নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই পথে ইসকন সিলেট মন্দিরে ফিরে শোভাযাত্রা শেষ হবে।

শোভাযাত্রা শেষে ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাতে ১২টায় শ্রীকৃষ্ণের জন্মক্ষণ উপলক্ষে মহাভিষেক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর শনিবার ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় সিদ্ধ মাধব দাস বলেন, “সিলেটে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জন্মাষ্টমী উদ্‌যাপন করতে আমরা প্রস্তুতি নিয়েছি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবারের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

সভায় জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচি, শোভাযাত্রার রুট, নিরাপত্তা ও যানবাহন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন