- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দীন (পাতার) বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিড়ির বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি (মানিক তাহিরপুর) ও মাদকবিরোধী ঐক্য পরিষদ যৌথ অভিযান চালিয়ে বিড়ির চালান জব্দ করা হয়।

কুদ্দুছ উত্তর বড়দল ইউনিয়নের ফকিরনগর গ্রামের শব্দর আলীর ছেলে।

অভিযোগ রয়েছে, মাদক সম্রাট কুদ্দুস দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে বলে জানান এলাকাবাসী। অভিযানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কুদ্দুস মিয়া পালিয়ে যায় বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত বিড়িগুলো বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল জানান, এ ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে অবৈধ বিড়ি ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন