- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তাহিরপুরে ময়লা ফেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

সুনামগঞ্জের তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া (১৮) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম ছড়ার পাড়ে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় উপজেলার সীমান্তবর্তী এলাকার লাকমা গ্রামের বাসিন্দা আহত রাসেল মিয়ার বাবা ফজলুল হক (৪৭) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা ঈদগাহ মাঠের পশ্চিমে ছড়ার পাড়ে ফজলুল হকের ছেলে রাসেল মিয়া (১৮) আখের রসের ব্যবসা করেন। ওই স্থানে বিভিন্ন সময় ময়লা ফেলা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে কুদ্দুস মিয়া (৫৫) এবং কুদ্দুসের স্ত্রী খুদেজা বেগম (৫০), ছেলে রিফাত মিয়া (২৬) ও রাহুল মিয়া (২৩) দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে রাসেলকে দোকান অন্যত্র সরিয়ে নিতে বলেন। এতে রাসেল প্রতিবাদ করলে কুদ্দুস মিয়া তাকে হত্যার নির্দেশ দেয়। পরে কুদ্দুস মিয়ার স্ত্রীসহ তার ছেলেরা রাসেল মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন রাসেলকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগকারী ফজলুল হক দাবি করেছেন, অভিযুক্তরা এর আগেও তাদের ব্যবসায় বাঁধা ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার পরও তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছ বলে জানান।

এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, অভিযোগের কপি হাতে পাওয়ার পর বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন