সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরও দশজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে তিনজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন বালিয়াঘাট গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (১৪ আগষ্ট) গ্রামের মাঠে জুয়েল মিয়ার বাগনার সাথে একেই গ্রামের আব্দুল লতিফের ছেলে সাথে ফুটবল খেলার সময় গায়ে জোড়ে মারা নিয়ে দুই পক্ষের শিশুর মধ্যে ঝগড়া হয়। এনিয়ে শুক্রবার রাতে বিষয়টি মীমাংসার জন্য বালিয়াঘাট বাজারে বসলেও মিমাংসা হয়নি। এর জেল ধরে শনিবার দুপুর ১২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আল আমিনসহ দশ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ বলেন, আল আমিনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
