জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আলোচনায় আসা ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেনের দীর্ঘদিনের একটি প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামনে বক্তব্য দেওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত বিভিন্ন আলোকচিত্র তাঁর হাতে তুলে দেওয়ার সুযোগ পেয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার এই কৃতি সন্তান।
শনিবার (৪ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মিলাদ হোসেন এই সুযোগ পান।
অনুষ্ঠান শেষে নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করে মিলাদ হোসেন বলেন-আলহামদুলিল্লাহ, আজ আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। দলীয় প্রধানের সামনে দাঁড়িয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পেরেছি। একই সঙ্গে জুলাই আন্দোলনের সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবিগুলো তাঁকে দেখানোর সুযোগ পেয়েছি। এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মরণে বিভিন্ন আয়োজনের পাশাপাশি আন্দোলনের স্মৃতি তুলে ধরা হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় আন্দোলনের বিভিন্ন মুহূর্তের সংরক্ষিত ছবি তারেক রহমানকে দেখান মিলাদ হোসেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিভিন্ন ব্যানার ও স্লোগান প্রদর্শন করা হয়। আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা হয় সেখানে। সহযোদ্ধাদের সঙ্গে মিলাদ হোসেনের এই উপস্থিতি ও বক্তব্য উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। এদিকে মিলাদ হোসেনের এই অর্জনের খবরে তাঁর নিজ এলাকা হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রাম ও মিরপুর এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সহযোদ্ধারা বিষয়টিকে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও রাজপথের লড়াইয়ের বড় স্বীকৃতি হিসেবে দেখছেন।
মিলাদ হোসেন ছাত্ররাজনীতির পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে ব্যাপকভাবে আলোচনায় আসেন। আন্দোলনের সময় ঢাকার রাজপথে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত হয়ে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন।
মিলাদ হোসেন বাহুবলের মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক ও যুগ্ম সম্পাদক এবং বর্তমান সদস্য সচিব, ঢাকা কলেজ ছাত্রদল। উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে মিলাদ হোসেন লিখেছিলেন, তাঁর জীবনের অন্যতম বড় ইচ্ছা ছিল তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জুলাই আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরা। সেই প্রত্যাশা পূরণ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।