সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আবারও আলোচনায় এসেছেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এই কৃতী সন্তান দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
দলীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় দশকের বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা শাম্মী আক্তার বিএনপির দুঃসময়ে দেশ ত্যাগ না করে রাজপথেই অবস্থান নিয়েছিলেন। গ্রেফতার, নির্যাতন ও দমন-পীড়নের মুখেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। এ কারণে নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রী হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেত্রী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দলের মিডিয়া সেলেও সক্রিয় ভূমিকা রাখছেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে দলকে সুসংগঠিত করেন। তার রাজনৈতিক জীবনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর কন্যাকে কোলে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনশন ভাঙানোর সেই আবেগঘন মুহূর্ত। এই ঘটনা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
শাম্মী আক্তার নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (৩৮) হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদের গ্রন্থাগার কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পারিবারিকভাবেও তিনি একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে এসেছেন।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের কন্যা হিসেবে দেশপ্রেম ও নেতৃত্বগুণ তার মধ্যে শৈশব থেকেই বিকশিত হয়েছে। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, শাম্মী আক্তার শুধু একজন রাজনীতিক নন, বরং একজন দক্ষ সংগঠক, যিনি সংকটময় সময়ে নেতৃত্ব দিতে সক্ষম। জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের ত্যাগ, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে দল ও রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে আরও বড় দায়িত্ব দেওয়া উচিত। বিশেষ করে সিলেট বিভাগ থেকে সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।
এ বিষয়ে হবিগঞ্জ জোলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. মো: আহমদুর রহমান আব্দাল বলেন, শাম্মী আক্তার বিদেশের আরাম-আয়েশ ত্যাগ করে রাজপথের কঠিন বাস্তবতা বেছে নিয়েছেন। এমন ত্যাগী ও শিক্ষিত নেতৃত্বই তারুণ্যের বিএনপিকে সামনে এগিয়ে নিতে পারে। দলীয় মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এই নেত্রীকে ঘিরে এখন তৃণমূলের প্রত্যাশা-আগামীর রাজনীতিতে তিনি আরও বড় ভূমিকা রাখবেন।
