শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের তৃতীয় ধাপে শীতবস্ত্র বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
গত ১৮ ডিসেম্বর ‘স্বপ্নোত্থান অভিযান- ২০২৫’ এর অংশ হিসেবে এ কর্মসূচি সম্পন্ন হয় বলে জানান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
তৃতীয় ধাপে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রেহানা চা বাগানের চা শ্রমিকদের মাঝে নতুন কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে মোট ৭৫টি পরিবারের মাঝে নতুন কম্বল, প্রায় ১০০ জন শিশুর মাঝে নতুন শীতবস্ত্র এবং প্রায় ৫০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানান সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
এরআগে উষ্ণতার অভিযান ২০২৫-এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ধাপে সংগঠনটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিজয়া চা বাগানের চা শ্রমিকদের মাঝে নতুন কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ধাপে ১৭৫টি পরিবারের মাঝে নতুন কম্বল এবং প্রায় ১,২০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এরপর গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত কর্মসূচির দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন টং দোকানে কর্মরত কর্মজীবী শিশুদের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ৩৭ জন শিশুর মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসেন বলেন, “এই পুরো মানবিক যাত্রায় যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রতি ‘স্বপ্নোত্থান’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে স্বপ্নোত্থান।”
