হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে নির্মাণাধীন দৃষ্টিনন্দন কোর্ট মসজিদের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। দ্রুতই মসজিদটি মুসল্লিদের সালাত আদায়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজ রবিবার বিকেলে মসজিদের নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান।
পরিদর্শনকালে জেলা ও দায়রা জজ মসজিদের কাজের গুণগত মান, নির্মাণশৈলী এবং অভ্যন্তরীণ সাজসজ্জার খোঁজখবর নেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ গুণগত মান বজায় রেখে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী মুসল্লিরা দ্রুতই সেখানে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোহাম্মদ আব্দুল হাই, সিনিয়র আইনজীবী এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট গুলজার খানসহ জেলা বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক ও আইনজীবী নেতৃবৃন্দ। উপস্থিত সিনিয়র আইনজীবী এনামুল হক সেলিম জানান, আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থী মানুষ ও আইনজীবীদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এটি যেমন এলাকার ধর্মীয় পরিবেশকে সমৃদ্ধ করবে, তেমনি প্রতিদিন আদালতে আসা হাজারো মানুষের সালাত আদায়ের কষ্ট লাঘব হবে।
