শ্রীমদ্ভাগবত মহাপুরাণের আবির্ভাব তিথি উপলক্ষে আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসকন সিলেট মন্দিরে পালিত হবে ভাগবত জয়ন্তী। এ উপলক্ষে সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, সকাল ১০টায় শ্রীমদ্ভাগবত পারায়ণ ও যজ্ঞের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। দিনভর থাকবে ভাগবত মহিমা কীর্তন, হরিনাম সংকীর্তন, ভাগবত বিতরণ ও দান এবং মহাপ্রসাদ বিতরণ। এসব আয়োজনে সিলেটের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেবেন।
ভাগবত জয়ন্তী উপলক্ষে বিশেষভাবে শ্রীমদ্ভাগবত বিতরণ ও দানের উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁরা শ্রীমদ্ভাগবত দান করতে চান, তাঁরা এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভাগবত দানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেবেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
ভাগবত জয়ন্তীর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “শ্রীমদ্ভাগবত মানুষের জীবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধভক্তির পথ দেখায়। ভাগবত শ্রবণ ও পাঠের মাধ্যমে মানুষের হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা জাগ্রত হয়। বর্তমান সময়ে মানুষের জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য ভাগবতের শিক্ষা জানা ও তা জীবনে প্রয়োগ করা প্রয়োজন।”
তিনি বলেন, “ভাগবত শুধু একটি গ্রন্থ নয়, এটি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার অনন্য নির্দেশনা। ঘরে ঘরে ভাগবত পৌঁছে দেওয়া এবং এর বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।”
আয়োজকেরা জানান, ভাগবত জয়ন্তীর অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। দিনব্যাপী অনুষ্ঠানে ভক্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। ধর্মীয় আলোচনা, পাঠ ও কীর্তনের পাশাপাশি থাকবে মহাপ্রসাদের আয়োজন।
ভাগবতের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ভক্তিময় পরিবেশে ভাগবত জয়ন্তী উদ্যাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
