ভালো মানুষের আট গুণ

ভালো মানুষ হওয়া পৃথিবীর সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি। অর্থ-সম্পদ, ক্ষমতা কিংবা বাহ্যিক সৌন্দর্য মানুষকে প্রকৃত মর্যাদা দিতে পারে না; বরং উত্তম চরিত্র, সুন্দর আচরণ ও মানবিক গুণাবলীই একজন মানুষকে সবার হৃদয়ে স্থান করে দেয়।

একজন ভালো মানুষ শুধু নিজের জন্য কল্যাণকর নয়, সে পরিবার, সমাজ ও জাতির জন্যও রহমতস্বরূপ। তার কথায় থাকে মাধুর্য, আচরণে থাকে নম্রতা, হৃদয়ে থাকে দয়া ও ক্ষমাশীলতা। প্রত্যেক মানুষের উচিত নিজেকে এমনভাবে গড়ে তোলা, যেন তার দ্বারা মানুষ উপকৃত হয় এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয়। ভালো মানুষের কিছু গুণাবলী হলো—

১. আল্লাহর প্রতি ভালোবাসা: একজন মুমিনের ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহ ও তাঁর রাসুল। সে আল্লাহকে সর্বাধিক ভালোবাসে, এটাই প্রকৃত ঈমানের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে।’(সুরা : বাকারা, আয়াত : ১৬৫)

২. রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা : রাসুল (সা.)-কে নিজের প্রাণ, পরিবার ও সবকিছুর চেয়েও বেশি প্রিয় মনে করে। রাসুল (সা.) বলেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সকল মানুষের চেয়েও বেশি প্রিয় হই।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৫)

৩. ইবাদতে অটল থাকা : সে নিয়মিত নামাজ আদায় করে, রোজা রাখে, জাকাত প্রদান করে এবং সামর্থ্য অনুযায়ী হজ পালন করে। সে আন্তরিকতার সঙ্গে একমাত্র আল্লাহর ইবাদত করে এবং দ্বীনের প্রতি অবিচল থাকে। আল্লাহ বলেন, ‘তাদের শুধু এ আদেশই দেওয়া হয়েছে যে, তারা আল্লাহর ইবাদত করবে, তাঁর জন্য দ্বীনকে একনিষ্ঠভাবে পালন করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে—এটাই সঠিক দ্বীন।’(সুরা : বাইয়্যিনাহ, আয়াত : ৫)

৪. ঈমানের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হওয়া : সে আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, রাসুলগণ, কিয়ামত ও পুনরুত্থানের উপর পূর্ণ বিশ্বাস পোষণ করবে। রাসুল (সা.) বলেন, ‘ঈমান হলো—তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ, আখিরাত দিবস এবং তাকদিরের ভালো-মন্দের উপর বিশ্বাস স্থাপন করবে।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৪৭৭৭)

৫. পিতামাতার প্রতি কর্তব্যপরায়ণতা : সে জীবিত অবস্থায় পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, অনুগত ও সদয় আচরণ করে। আর তাদের মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করতে ভুলে না। কারণ, রাসুল (সা.) বলেন, ‘যখন কোনো মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস ব্যতীত—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে উপকার লাভ করা হয়, এবং নেককার সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ১৬৩১)

৬. উত্তম চরিত্রের অধিকারী হওয়া : তার চরিত্রে থাকবে সত্যবাদিতা, নম্রতা, ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতার মানসিকতা। সে মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খিয়ানত করা থেকে বিরত থাকে—কারণ এগুলো মুনাফিকদের লক্ষণ। রাসুল (সা.) বলেন, ‘মুনাফিকের লক্ষণ তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে, এবং যখন আমানত রাখা হয় তা খিয়ানত করে।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ৫৯)

৭. রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা : সে সহজে রাগান্বিত হয় না, আর রাগ হলেও নিজেকে সংযত রাখে। প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রাসুল (সা.) বলেন, ‘শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৬১১৪)

৮. অহংকারমুক্ত জীবনযাপনে অভ্যস্ত : তার অন্তরে অহংকার থাকবে না। সে হবে বিনয়ী, নম্র ও ভদ্র। কারণ সামান্য অহংকারও মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। রাসুল (সা.) বলেন, ‘যার অন্তরে এক অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ৯১)

ভালো মানুষের গুণাবলী শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের দৈনন্দিন আচরণ, চিন্তা ও কর্মের মাধ্যমে প্রকাশ পায়। আর পৃথিবীতে ভালো মানুষের অভাব হলে সমাজে অশান্তি, হিংসা ও অবিচার বৃদ্ধি পায়। তাই আমাদের প্রত্যেকের উচিত আত্মশুদ্ধির মাধ্যমে উত্তম চরিত্র গঠন করা এবং অন্যদের জন্য কল্যাণকর মানুষ হওয়ার চেষ্টা করা। মনে রাখতে হবে, মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে, আর উত্তম চরিত্রই দুনিয়া ও আখিরাতে সফলতার অন্যতম চাবিকাঠি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন