ভালোবাসা কখনো সোজা নদীর মতো নয়

এখন আর নিজেকে বোঝাতে হয় না
কেন তোমার দিকে মনটা বারবার ফিরে যায়
যদিও তোমার চারপাশে এমন কিছু ঋতু ঘোরে
যাদের কাছে আমার এই বসন্ত ম্লান।

একদিকে একটি অনিশ্চিত ভবিষ্যৎ
আর চাকরির বিজ্ঞাপনে লাল দাগ টানা কিছু দিন
অন্যদিকে প্রাচুর্যের আলোয় উজ্জ্বল,নিশ্চিন্ত পথের পথিক
হিসাব করলে আমার হেরে যাওয়ারই কথা
যদিও আমি কোনো প্রতিযোগিতায় নামিনি।

ভালোবাসা তো দৌড় খেলা নয়, প্রথম হতে হবে
আমি শুধু তোমাকে ভালোবেসেছি
যেভাবে সন্ধ্যার আকাশ কোনো প্রত্যাশা ছাড়াই
একটি তারার জন্য অপেক্ষা করে
কোনো দাবি ছাড়া যেভাবে শীতের ভোরে
শিশির নেমে আসে ঘাসের কাছে।

হয়তো কোনোদিনই জানবে না
তোমার জন্য আমার ভেতরে কতটা নীরব ঝড়
আর গলিত আগুন বয়ে গেছে
তবু আমার কোনো অভিযোগ নেই
কারণ ভালোবাসা কখনো সোজা নদীর মতো নয়—
সে ঘুরে ঘুরে, ভেঙে ভেঙে
নিজের সমুদ্র নিজেই খুঁজে নেয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন