- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ভারতে আন্তর্জাতিক সমুদ্রবিজ্ঞান সম্মেলনে শাবিপ্রবির ১১ শিক্ষক-শিক্ষার্থী

ভারতের কোচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘ট্রেভর-সাফারি সিম্পোজিয়াম ২০২৬’-এ অংশ নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের ১১ জন শিক্ষক ও শিক্ষার্থী।

২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর এ আয়োজনে এ শিক্ষক-শিক্ষার্থীরা প্রশিক্ষণ, মাঠপর্যায়ের গবেষণা, কর্মশালা ও বৈজ্ঞানিক আলোচনায় অংশ নেন।

২৬ থেকে ৩০ অক্টোবর ভারতের হায়দরাবাদে অবস্থিত ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেসে (ইনকোয়েস) প্রশিক্ষণ কোর্সের শ্রেণিকক্ষ পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করে সমুদ্রের ক্লোরোফিল ও মৎস্যসম্পদ পর্যবেক্ষণের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। এর আগে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ধারাবাহিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে ১ থেকে ৩ নভেম্বর কেরালার বেম্বানাদ হ্রদে নমুনা সংগ্রহ এবং কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে সেসব নমুনা বিশ্লেষণ করা হয়। ৩ নভেম্বর মৎস্যবিষয়ক আঞ্চলিক কর্মশালার পাশাপাশি বঙ্গোপসাগরীয় অঞ্চলের গবেষকদের নতুন নেটওয়ার্ক ‘বব-নর’-এর উদ্বোধনী কর্মশালাও অনুষ্ঠিত হয়।

৪ থেকে ৬ নভেম্বর কোচির আইসিএআর-সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটে (সিএমএফআরআই) মূল সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমুদ্রবিজ্ঞানী অধ্যাপক ট্রেভর প্ল্যাটের গবেষণাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনশীল বিশ্বে মৎস্যসহ জলজ বাস্তুতন্ত্র’।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের পরিচালক। তিন দিনব্যাপী সম্মেলনে জলবায়ু পরিবর্তন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ, ম্যানগ্রোভ, মৌসুমি ঝড়, স্যাটেলাইট প্রযুক্তি এবং গবেষণায় ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে বিশ্বের নানা দেশের গবেষকেরা তাঁদের গবেষণা উপস্থাপন করেন। এ ছাড়া বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলকেন্দ্রিক একাধিক গবেষণাও সম্মেলনে তুলে ধরা হয়।

ট্রেভর প্ল্যাট সায়েন্স ফাউন্ডেশন, কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ওশেনোগ্রাফি বিভাগ, মেরিন বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং সিএমএফআরআই যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। জাতিসংঘের ‘টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক বিজ্ঞানের দশক’ কর্মসূচিরও অনুমোদন ছিল এতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন