- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ভারতে যাত্রীবাহী গাড়ি উল্টে নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রীবাহী একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচে নালায় পড়ে অন্তত আটজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে রাজ্যের কোটা জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই মধ্যপ্রদেশের বেতুল জেলার বাসিন্দা। তারা রাজস্থানের সিকার জেলার রিংগাসে অবস্থিত খাতু শ্যাম মন্দির দর্শনের উদ্দেশ্যে শুক্রবার রাতে বেতুল থেকে রওনা হয়েছিলেন।

সিমলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দ সিং জানান, কারাদিয়া টোল প্লাজা পার হয়ে সুলতানপুরের দিকে যাওয়ার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি সড়কের বিভাজক ভেঙে প্রায় ২০ ফুট নিচে একটি মৌসুমি নালায় পড়ে দেয়ালে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন। পরে মৃতের সংখ্যা বেড়ে অন্তত আটজনে দাঁড়ায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সংঘর্ষে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) উদ্ধারকর্মী এবং জরুরি অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে পৌঁছায়।

সুলতানপুর ব্লকের প্রধান চিকিৎসা কর্মকর্তা রাজেশ সামার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন