সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে আকুয়া এলাকায় পড়ে থাকা কানাইঘাটের খালেদ আহমদ (২২) এর মরদেহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও জকিগঞ্জ ১৯ বিজিবির মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র খালেদ আহমদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারীদের সাথে অবৈধভাবে অনুপ্রবেশ করে। সেখান থেকে গরু নিয়ে আসার সময় ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সাথে চোরকারবারীদের বিরোধ দেখা দিলে অস্ত্রধারী খাসিয়ারা চোরাকারবারীদের ধাওয়া দিলে খালেদ আহমদ নিখোঁজ হয়। তার সাথে থাকে অপর চোরাকারবারীরা বাংলাদেশে পালিয়ে আসে।
স্থানীয়রা জানান, ফিরে আসা চোরাকারবারীরা খালেদ আহমদের পরিবারকে খবর দেয়, ভারতীয় বিএসএফ খালেদ আহমদকে গুলি করে হত্যা করেছে, তার মরদেহ দনা সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। পরে তার পরিবার ও স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, খালেদ আহমদের মরদেহ ভারতের আকুয়া এলাকার জঙ্গলে পড়ে রয়েছে। তবে ভারতীয় বিএসএফ না খাসিয়াদের গুলিতে খালেদ আহমদ নিহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অনেকের ধারনা অস্ত্রধারী খাসিয়ারাই তাকে গুলি করে হত্যা করতে পারে।
ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর উভয় দেশের আইনী প্রক্রিয়ার মাধ্যমে গুলিবিদ্ধ খালেদের মরদেহ শুক্রবার বিকেলে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, খালেদ আহমদ এর মরদেহ উদ্ধার করা হয়েছে, থানা পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠাবে। তবে তিনি বলেছেন, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানা পুলিশকে কিছুই জানানো হয়নি।
