- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ভিডিও কলে প্রেমিকার সামনে আত্মহত্যা করলেন এমসি কলেজের শিক্ষার্থী

কক্সবাজারে বেড়াতে গিয়ে ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২২) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। তিনি সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে বুধবার কক্সবাজার ঘুরতে আসেন। দুপুরে তারা কলাতলীর ওই হোটেলে ওঠেন। রাতে কেনাকাটা করতে চারজন বাইরে বের হলে সৌরভ একা কক্ষে থেকে যান।

সৌরভের বন্ধু আবির জানান—
“আমরা চারজন কেনাকাটা করতে বাইরে গেলে সৌরভ রুমে ছিল। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে বলেন, সৌরভ ভিডিও কলে তাকে রেখে আত্মহত্যা করছে। খবর পেয়ে দৌড়ে এসে দরজা ভেঙে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।”
পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান—
“গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের সময়ই সে আত্মহত্যা করে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।”
পুলিশ আরও জানায়, ঘটনাটির সঠিক তথ্য যাচাইয়ের জন্য সৌরভের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন