- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়ে তুলতে হবে

“সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ই অক্টোবর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব বসতি দিবস আইডিয়া প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। লিডিং ইউনিভার্সিটি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটি প্রথম এবং যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা স্থাপত্য বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য বয়ে এনেছে বিশেষ গৌরব।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মায়েশা আহমেদ(৫ম বর্ষ) ও রুবাইদা হোসেন আনিকার (৪র্থ বর্ষ) প্রজেক্ট অনুক্রম এবং যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে রুকসাত রহমান তাহিয়া (২য় বর্ষ) ও আনিকা বাহার চৌধুরীর (৫ম বর্ষ) প্রজেক্ট মুল্লুক।
এছাড়া, আইডিয়া প্রতিযোগিতার পাশাপাশি ৫ই অক্টোবর থেকে শুরু হওয়া মডেল প্রদর্শনীতেও স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা মডেল প্রদর্শনের পাশাপাশি স্বেচ্ছাসেবী ভূমিকাও পালন করেছে, যেখানে তারা তাদের সময়, সৃজনশীলতা ও শ্রম দিয়ে তাদের সৃজনশীল কাজগুলো উপস্থাপনের পাশাপাশি অত্যন্ত উৎসাহ ও পেশাদারিত্বের সাথে লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রতিনিধিত্ব করেছে।

বিশ্ব বসতি দিবস আইডিয়া প্রতিযোগিতা আয়োজন অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি সর্বজনীন আবাসন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। পাশাপাশি তিনি এই আয়োজনে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য তাদেরকে অভিনন্দন জানান।

সর্বোপরি, এই অর্জনের মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের পাশাপাশি সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা যে সৃজনশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্পৃক্ততার চর্চা করে থাকেন, তারই সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন