- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ভোগান্তির অপর নাম হবিগঞ্জ পাসপোর্ট অফিস! দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।দীর্ঘ অপেক্ষা, নানা ধরনের হয়রানি, তথ্যের জটিলতা এবং সেবা পেতে দালালের দ্বারস্থ হওয়ার অভিযোগে ক্ষোভ বাড়ছে সেবাগ্রহীতাদের মধ্যে।

ভুক্তভোগীদের অভিযোগ, সরাসরি অফিসে গিয়ে নিয়ম মেনে সেবা নিতে নানা জটিলতার মুখোমুখি হতে হলেও দালালের মাধ্যমে যোগাযোগ করলে কাজ তুলনামূলক সহজে সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হয়।

সরেজমিনে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাসপোর্টের আবেদন, তথ্য সংশোধন, বায়োমেট্রিকসহ বিভিন্ন কাজে অফিসে আসা সাধারণ নাগরিকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই সঠিক তথ্য না পাওয়ায় একাধিকবার অফিসে আসতে বাধ্য হচ্ছেন। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে।

ভুক্তভোগীদের কয়েকজন অভিযোগ করেন, অফিসের নিয়মকানুন ও প্রক্রিয়া সম্পর্কে যথাযথ সহযোগিতা না পাওয়ায় অনেক সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন। এ সুযোগে একটি দালালচক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। দালালদের মাধ্যমে যোগাযোগ করলে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় এমন অভিযোগও করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা বলেন,“নিজে নিয়ম মেনে কাজ করতে গেলে একের পর এক সমস্যার মুখোমুখি হতে হয়। অথচ দালালের মাধ্যমে গেলে অনেক কাজ সহজ হয়ে যায় বলে মনে হয়েছে। সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে।

আরেক ভুক্তভোগী জানান, পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সঠিক তথ্য ও সহযোগিতা পেলে অনেক সমস্যাই সহজে সমাধান করা সম্ভব। কিন্তু সেবা প্রাপ্তির প্রক্রিয়া জটিল হওয়ায় সাধারণ মানুষ দালালের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

এদিকে, অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

অভিযোগ রয়েছে, দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপের অভাবে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবাব্যবস্থা নিয়ে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন