ভূমিসেবা মেলা উপলক্ষে চুনারুঘাটে প্রেস ব্রিফিং

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে ভূমিসেবা মেলার বিভিন্ন কার্যক্রম, সেবার পরিধি ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমিসেবা মেলা-২০২৬ এর মাধ্যমে সাধারণ মানুষকে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইনে আবেদন প্রক্রিয়া, ই-নামজারিসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভূমি অফিসে সেবার মান উন্নয়ন, দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং দ্রুত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও প্রয়োজনীয় তথ্যও প্রদান করা হবে। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণ ভূমিসেবা সম্পর্কে আরও সচেতন হবে এবং সরকারি সেবা গ্রহণে আগ্রহী হয়ে উঠবে। প্রেস ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিক নুর উদ্দিন সুমন বলেন, অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল করে রাখেন। ফলে প্রকৃত মালিকের নামে বৈধ কাগজপত্র, রেকর্ড ও দলিল থাকা সত্ত্বেও দখল না থাকায় নামজারি প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়। এতে প্রকৃত ভূমির মালিকরা দীর্ঘদিন ধরে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। জবাবে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, এ ধরনের সমস্যা নিরসনে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জমির দখল পুনরুদ্ধার এবং প্রকৃত মালিকানা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন