মাধবপুরের চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজে
ভুয়া বিল–জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজে ভুয়া বিল-ভাউচার তৈরি, স্বাক্ষর জালিয়াতি ও তহবিল গায়েবসহ একাধিক অনিয়মের তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের প্রমাণও মিলেছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে—মার্কেটের দোকান ভাড়ায় ব্যাপক কারসাজি করা হয়। যেখানে ৪–৫ হাজার টাকার দোকান মাত্র ৬০০ টাকায় ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া ইউএনওর অনুমোদন ছাড়া বিল উত্তোলন, নিয়োগ বাণিজ্য, অবৈধ লেনদেন, শিক্ষকদের নিয়মিত বেতন না দেওয়া এবং বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে অর্থ ব্যবহারে গুরুতর অস্বচ্ছতা চোখে পড়েছে।

এ সমস্ত অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহন মিয়া বলেন, “এগুলো ভুলবশত হয়েছে।” তবে স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অপরাধ কীভাবে ভুলবশত হতে পারে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

অ্যাডহক কমিটির সভাপতি সজীব সরকার বলেন, “এখানে স্পষ্টভাবে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। এর বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিভাবক ও স্থানীয় সচেতন মহল প্রতিষ্ঠানের সকল অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন