ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় ওয়াই-ফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ার প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ আহমদ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।

জানা যায়, পাবনিয়া গ্রামের পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ার প্রাঙ্গণে ওয়াই-ফাই লাইনে সংযোগের কাজ করতে গিয়ে
অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে আহত হন এবং মাঠেই পড়ে থাকেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন