কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্তে রশেন্দ্র শুল্ক বৈদ্য (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কালাসাদক বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. রজব আলী জানান, রশেন্দ্র শুল্ক বৈদ্য নামে এক ভারতীয় নাগরিক সকাল ১০টায় ভোলাগঞ্জ সীমান্তের কমলাঘাট দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। ভোলাগঞ্জ বাজারে এসে ৬ কেজি ইলিশ, ৪ কেজি বোয়াল ও ২ কেজি টেংরা মাছ কিনেন। দুপুর ১২টায় ভারতে ফেরার জন্য সীমান্তের পর্যটনঘাট বাজারে যায়। সে সময় খবর পেয়ে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।







