চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগের রেজুলেশন প্রস্তুত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও বিধিবহির্ভূত রেজুলেশন প্রস্তুত করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের বিদ্যমান অ্যাডহক কমিটির সভাপতি নিয়ম ভেঙে বাইরের একজন বিতর্কিত প্রার্থীকে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগ দিতে রেজুলেশন করেছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নিয়মানুযায়ী, অ্যাডহক কমিটি চুক্তিভিত্তিক বা স্থায়ী কোনো ধরনের শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ার আইনগত ক্ষমতা রাখে না।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। তবুও ক্ষমতার অপব্যবহার করে একতরফাভাবে প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অভিভাবকগণ জানান, বর্তমান কমিটি গঠনের পর থেকেই তারা বিভিন্ন বিষয়ে একক সিদ্ধান্ত নিচ্ছেন। এই চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগের রেজুলেশনটি তারা গোপনে করেছেন এবং অনেক সদস্য তা জানেনই না।
বিষয়টি দ্রুত তদন্ত করে অবৈধ পাঁয়তারা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
এ বিষয়ে অভিভাবক পারভেজ মোশাররফ বলেন, আমরাও চাই স্কুলে ভালো একজন প্রধান শিক্ষক নিয়োগ হোক। তবে সরকারি যে নিয়ম আছে সে নিয়ম অনুসরণ করে তা হোক। কিন্তু এডহক কমিটির রেজুলেশন আইন পরিপন্থী।
এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন আনতে হলে, একটা রেজুলেশন করতে হয়।আমি রেজুলেশন করেছি।আইনের পরিপন্থী কিছু করিনি।
এডহক কমিটি চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক নিয়োগ করতে পারবে কিনা জানতে চাইলে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “অ্যাডহক কমিটির কোনো ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন নেই। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।








