প্রেমিক বিয়ে না করলে প্রেমিকার আত্মহত্যার হুমকি
বরগুনার তালতলী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন এক তরুণী। প্রেমিক আলম লস্কার তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে আলম লস্কারের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। আলম লস্কার (৩০) তালতলী উপজেলা নির্বাচন অফিসের নাইট গার্ড এবং একই গ্রামের তনু লস্কারের ছেলে।
বিজ্ঞাপন
অনশনরত তরুণী জানান, প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে আলমের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আলম শারীরিক সম্পর্কেও জড়ান। কিন্তু ১ আগস্ট থেকে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় আলম। পরে তিনি জানতে পারেন, আলম পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করেছেন।
তরুণী বলেন, আমি বিয়ের দাবিতে তার বাড়িতে এসেছি। আলম যদি আমাকে বিয়ে না করে, আমি এখান থেকে যাব না এবং আত্মহত্যা করব। ঘটনার পর থেকে আলম ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ছোটবগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি থানায় জানানো হয়েছে।
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আলম লস্কারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।








